আগামী বছর দেশজুড়ে স্কুলফিডিং কর্মসূচি চালু করা হবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামী বছর দেশজুড়ে স্কুলফিডিং কর্মসূচি চালু করা হবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রংপুর জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুলফিডিং কর্মসূচি চালু করা হবে। তবে চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে কর্মসূচি শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে।

সে ক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতে না হলেও ওই শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু করা হবে। সো ফার পাইলটিং রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা। আগামীকাল সোমবার দিনাজপুর জেলার এ পাইলটিং প্রোগ্রামের ওপর একটা ওয়ার্কশপ আছে। সেখানেও আমরা কিছু চিত্র জানবো।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থী কমে বাড়ে এটা কোনো মাথাব্যথা না। মাথাব্যথা হলো প্রত্যেকটা শিশু যেন স্কুলে যায় এবং প্রত্যেকটা শিশু যেন সঠিকভাবে শিক্ষালাভ করে।

শিক্ষালাভ কোথায় করছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। প্রত্যেকটা ইনস্টিটিউশন যেখানে শিক্ষালাভ করা সম্ভব, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন সঠিক শিক্ষা প্রদান করতে সক্ষম হয়। এইটা নজরদারি হলো সরকারের দায়িত্ব। তবে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, একটা হলো প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে যেতে হবে এবং দ্বিতীয় হলো প্রত্যেক বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান করতে হবে।

পরে তিনি দিনব্যাপী পিটিআই মিলনায়তনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক কর্মশালায় যোগ দেন।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, যুগ্মসচিব ইসরাত জাহান, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম শাহজাহান সিদ্দিকসহ শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181879