বগুড়ায় স্নিগ্ধা আবাসিক এলাকায় নকশা পরিবর্তনের অভিযোগ
শহর প্রতিনিধি: বগুড়া মহানগরের স্নিগ্ধা আবাসিক এলাকায় অনুমোদিত নকশা পরিবর্তন করে মাটি ভরাটের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ এবং পরিবেশ ধ্বংসের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ রোববার (৩০ আগস্ট) সাতমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা জানান, বগুড়া সিটি কর্পোরেশনের আওতাধীন স্নিগ্ধা আবাসিক এলাকায় অনুমোদিত নকশা পরিবর্তন করে ১ নম্বর সড়কের মসজিদে আল কুবা (স্নিগ্ধা মসজিদ) এর সামনের পুকুরটি মাটি ভরাটের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরফলে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ, জলাধার ও পানি নিষ্কাশনব্যবস্থা এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও জানান তারা। এ ধরনের কার্যক্রম আবাসিক এলাকার পরিবেশ ও জনস্বার্থের জন্য উদ্বেগজনক। তাই বিষয়টি সরেজমিনে তদন্ত করে অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সিটি কর্পোরেশন সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শাফি স্মৃতি সংঘ ও গ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আসলাম রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন লিটন সহ আরও অনেকে। এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে সিটি প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181870