হিলি স্থলবন্দর দিয়ে পণ্য  আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা 

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য  আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

অনির্দিষ্টকালের জন্য পণ্য বাণিজ্য বন্ধ। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যার কথা জানানো হয়েছে। ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গত শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল।

তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করা হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতের এক্সপোর্টার্স ও আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথসভায় হিলি স্থলবন্দর নিয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বিভিন্ন কারণে হিলি বন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। এ অবস্থায় ব্যবসায়ীদের স্বার্থে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বলেন, ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক কিছু সমস্যার কারণে সেখানকার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে ওপারের ব্যবসায়ীদের সাথে আলোচনা চলছে।

এদিকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ।

অর্থ্যাৎ পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা কিংবা অন্যান্য বৈধ প্রয়োজনে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দুই দেশের যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

ভারতীয় ব্যবসায়ীদের ঘোষণার পর অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেলে বন্দরকেন্দ্রিক এসব ব্যবসা ও কর্মসংস্থানে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এখন দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে কত দ্রুত এ অচলাবস্থার অবসান হয় এবং হিলি স্থলবন্দরে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181859