চাঁপাইনবাবগঞ্জে আগস্টে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আগস্ট মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী বাড়ছে। রোগীরা ভর্তি হচ্ছেন জেলার প্রধান চিকিৎসালয় ২৫০ শয্যার জেলা হাসপাতালে।
জেলা হাসপাতালে জটিল রোগীর চিকিৎসার সুব্যবস্থা না থাকলেও সাধারণ রোগীদের প্রাথমিক জটিলতা এড়ানোর মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে পর্যাপ্ত সংখ্যক শয্যা নেই। কোন রোগীকে ফেরত দেয়া না হলেও ভর্তি করে রাখা হচ্ছে মেঝেতে। রোগীর অবস্থা জটিল হলেই পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল রোববার জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন ৬৩ জন। এর মধ্যে শুধু গতকাল রোববার ভর্তি হয়েছেন ৪০ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮৬ জন। এর বাইরে জেলা হাসপাতালের বর্হিবিভাগে শনাক্ত হয়েছেন ৫০১ জন।
জেলা হাসপাতালে শুধু গতকাল রোববারেই ভর্তি ও শনাক্ত হয়েছেন ৬৭ জন। তবে সংশ্লিস্টরা বলছেন, প্রাইভেট ক্লিনিকে শনাক্ত রোগীর সংখ্যা বহুগুণ বেশি। এমনকি অনেকে চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে রাজশাহী ও ঢাকা চলে যাচ্ছেন।
জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেট ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, অবস্থা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রচুর রোগী এলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এখন পর্যন্ত শেষ পর্যায়ে আসা একজন রোগীকে রাজশাহী স্থানান্তর করার পর মৃত্যুর খবর জানা গেছে।
সিভিল সার্জন ডা. এ.কে.এম সাহাবুদ্দীন বলেন, আগস্টের শুরু থেকেই অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে বিশেষ করে জেলা সদরের। তবে অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী আসছেন। আগস্টেই চাঁপাইনবাবগঞ্জের এক রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাবার খবর জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181850