“অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে আহত ব্যক্তিদের চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে ১ কোটি ৫০ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করেছে এনসিসি ব্যাংক। এই সহায়তার মাধ্যমে জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে গুরুতরভাবে ক্ষতিগস্ত ৫০ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। প্রত্যেক উপকারভোগীর জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম, কর্মসংস্থান প্রাপ্তিতে সমন্বয় সাধন ও আয়বর্ধক কার্যক্রমের উপকরণ, বৃক্ষরেপাণ কর্মসূচী তদারকি এবং সরাসরি আর্থিক সহায়তার সমন্বয়ে এই অর্থ ব্যবহার করা হবে। এর মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি তাদের টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলা।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম এর হাতে ১ কোটি ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস এবং অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মুস্তাজিব হায়দার, শাহরিয়ার আক্তার হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আস সাকিব এবং প্রোগ্রাম অফিসার তাছমিয়া হক মৌসুমি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অপরাজিত ২৪ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জীবন পুনর্গঠনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট, দৃক, ভিশন আই হাসপাতাল, কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ) এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক সবসময় অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করতে সক্রীয় ভূমিকার পাশাপাশি দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে অবদান রেখে আসছে। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনও জীবন ও জীবিকার জন্য চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। আমাদের এই সহায়তার লক্ষ্য হলো তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এবং মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করা।”
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, "আমাদের সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘমেয়াদী, টেকসই ও অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়ন। অপরাজিত ২৪ ফাউন্ডেশনের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা জুলাই ২০২৪-এর গণআন্দোলনে গুরুতর আহতদের আর্থিকভাবে স্বনিভর্র করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু এটি নিছক প্রতীকী চেক প্রদান নয়; বরং এটি আমাদের কর্তব্যবোধ থেকে নেওয়া একটি ছোটো কিন্তু আন্তরিক পদক্ষেপ—যারা বৈষম্যহীন সমাজ এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্নকে নিজেদের রক্তে সিক্ত করেছেন, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও অটুট সংহতি জানানোর একটা প্রচেষ্টা।"
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181844