গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগের মামলায় সানজু বকশিকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই মাদ্রাসা ছাত্র উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। আসামি সানজু বকশী ভুক্তভোগী ছাত্রের প্রতিবেশী। গত ৯ মে সানজু বকশী বাড়ি পাহারা দেওয়ার কথা বলে মাদ্রাসার হুজুরের অনুমতি নিয়ে ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে যায়।

সেদিন দিনগত রাত ১টার দিকে সানজু ওই ছাত্রকে বলাৎকার করে। পরে ওই ছাত্রের মুখ চেপে ধরে তাদের বাড়িতে আগুন লাগানো ও তার বাবা মাকে হত্যা করাসহ নানারকম হুমকি দেয়। ভুক্তভোগী শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি।

এরই মধ্যে ১৪ জুন শিশুটিকে আবারও বলাৎকার করে এবং পরে ২৫ জুন বলাৎকারের চেষ্টা করলে শিশুর চিৎকারে মাদ্রাসার একজন শিক্ষক কক্ষে প্রবেশ করে এবং আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শিশুটির বাবা আদালতে একটি মামলার এজাহার দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি সুন্দরগঞ্জ থানায় রেকর্ড করা হয়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশীকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181751