রংপুরের হারাগাছে পলাশ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ড শেষে কারাগারে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের মহানগরের হারাগাছ থানাধীন আরাজী বীরচরণ গ্রামে পলাশ হত্যা মামলার গ্রেফতার প্রধান আসামি মোজাহার আলীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে রংপুর মেট্টোপলিটন আদালতের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আসাদ বলেন, হারাগাছ থানায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার (২৯ আগস্ট) মোজাহার আলীকে রংপুর আদালতে তোলা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, আসামি মোজাহার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে আসামির সাতদিনের রিমান্ড চাওয়া হয় আদালতে। ২৫ আগস্ট শুনানি শেষে চীফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি মোজাহার আলীর দ’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিকে রংপুর কারাগার থেকে নিয়ে এসে ২৭ ও ২৮ আগস্ট দু’দিন হারাগাছ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। আসামির কাছ থেকে হত্যার ঘটনার একাধিক তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।
মামলার বরাত দিয়ে তদন্তকারী অফিসার হারাগাছ থানার (এসআই) রুহুল আমিন বলেন, গোপনে জমি কেনার পাঁয়তারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ১০ আগস্ট সোমবার রাত ৯ টার দিকে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে পলাশকে লোহার রড, হাতুড়ি, এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে একই এলাকার মোজাহার, তার দুই ছেলে এবং আত্মীয়রা। ১৯ আগস্ট ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181740