বগুড়ার সোনাতলায় হাট-বাজারে সবজির আমদানি, ক্রেতাদের মাঝে স্বস্তি

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে সবজির আমদানি, ক্রেতাদের মাঝে স্বস্তি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার বিভিন্ন হাট-বাজারে বেড়েছে প্রচুর সবজির আমদানি। বাজারজুড়ে এখন শোভা পাচ্ছে নানা রঙের টাটকা সবজি। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অনেক সবজির দাম তুলনামূলক কমেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সোনাতলা উপজেলার সোনাতলা, বালুয়া, কর্পূর, সৈয়দ আহমেদ, হাট করমজা, চরপাড়া, ভেলুরপাড়া, শিচারপাড়া, হরিখালী, পদ্মপাড়া, পাকুল্লা ও তেকানী চুকাইনগরে হাট-বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজির পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন প্রচুর পরিমাণে সবজি আসছে। বাজারে ফুলকপি, বেগুন, মুলা, শিম, লাউ, কুমড়া, করলা, পেঁপে, পুঁইশাক, কলমিশাকসহ বিভিন্ন ধরনের সবজির সমারোহ দেখা গেছে।

সবজির দোকানগুলোতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। পছন্দমতো সবজি তুলনামূলক কম দামে কিনতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেক ক্রেতা সাধারণ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বাজারে সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন।

হলিদাবগা গ্রামের হেমায়েত হোসেন, সৈয়দ আহমেদ কলেজ স্টেশন এলাকার দেলোয়ার হোসেন, হাট করমজা এলাকার আইয়ুব হোসেন নান্টু, ঠাকুরপাড়া গ্রামের তোজাম্মেল হক বলেন, আগে বাজারে এসে কয়েক ধরনের সবজি কিনতেই বেশ টাকা খরচ হতো। এখন বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় পছন্দমতো কয়েক ধরনের সবজি কিনতে পারছি। দামও অনেকটা নাগালের মধ্যে রয়েছে।

এ বিষয়ে সবজি বিক্রেতা নজরুল ইসলাম, মোন্তেজার রহমান, তোতা মিয়া বলেন, বর্তমানে স্থানীয় কৃষকদের ক্ষেত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে বেগুন, পটল, লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি বাজারে আমদানি লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন পাইকারি বাজার থেকেও সবজি সরবরাহ হচ্ছে। সরবরাহ বেশি থাকায় বাজারে সবজির বৈচিত্র্যও বেড়েছে।

ঠাকুরপাড়া গ্রামের মিঠু মিয়া, গোসাইবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন ডলার, পূর্বকরমজা গ্রামের শফিকুল ইসলাম বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে সবজির দাম খুব বেশি কমে গেলে তারা আশানুরূপ লাভ থেকে বঞ্চিত হতে পারেন।

এছাড়াও তারা আরও বলেন, অন্য ফসলের চেয়ে সবজিতে লাভ বেশি। পাশাপাশি পারিবারিক প্রয়োজন মেটানো সহজ হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, হাট-বাজারে রঙিন সবজির এই সমারোহ তাই শুধু ক্রেতাদের স্বস্তিই বাড়াচ্ছে না, স্থানীয় কৃষি অর্থনীতিতেও যোগ করছে নতুন প্রাণচাঞ্চল্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181739