বগুড়ার শাজাহানপুরের শাকপালায় রাস্তা সংকুচিত করে বাড়ি নির্মাণের অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকায় চলাচলের রাস্তা সংকুচিত করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ উঠেছে ফারুক আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া জেলা প্রশাসক, বগুড়ার পুলিশ সুপার এবং বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি।
২৬ জুলাই দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ১৯ আগষ্ট শুনানীর দিন ধার্য্য করে বগুড়া সিটি কর্পোরেশন। এছাড়া ২৭ আগষ্ট অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষনণাৎ নির্মাণ যন্ত্রপাতি আটক করে সিটি পুলিশ। অপরদিকে বিষয়টি সুরাহার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে অভিযোগের কপি প্রেরণ করা হয়।
এছাড়া অভিযোগের প্রেক্ষিতে পুলিশের এখতিয়ারভূক্ত অংশটুকু অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ৬ আগষ্ট শাজাহানপুর থানার ওসি কে নির্দেশ প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার।
কিন্তু সরকারি দপ্তর সমূহের নির্দেশনা মাঠ পর্যায়ে পৌঁছার আগেই এলাকাবাসির আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ জুলাই জেলা বগুড়ার শাজাহানপুর সিভিল জজ আদালতে মামলা করেন ফারুক আহমেদ। ওই দিনই শুনানী শেষে নিষেধাজ্ঞার আবেদনটি আদালত মঞ্জুর করেন। ফলে ফারুক আহমেদ তার নির্মাণ কাজ পুনরায় শুরু করেন এবং ছাদ ঢালাই সম্পন্ন করেন।
চলাচলের রাস্তা উদ্ধারের লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদনকারি এলাকাবাসির মধ্যে আলহাজ¦ আবুল কালাম আজাদ, আসলাম আলী শেখ, মুঞ্জুরুল হক, রেজাউল করিম, সানোয়ার হোসেন জানান, মহল্লাবাসির শত অনুরোধ উপেক্ষা করে রাস্তা সংকুচিত করে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ফারুক আহমেদ। এতে শাকপালা ক্যান্টনমেন্ট পাড়া এলাকার বাসিন্দারা চরম ভাবে ভোগান্তির শিকার হবেন।
এছাড়া ভবিষ্যতে বৈদ্যুতিক খুঁটি, গ্যাস লাইন স্থাপন, ডিস লাইন-ইন্টারনেট লাইন স্থাপনের ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। তাই বাড়ি নির্মাণের ফলে চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে বাড়ি নির্মাণের মাধ্যমে চলাচলের রাস্তা সংকুচিত করা হয়নি উল্লেখ করে ফারুক আহমেদ জানান, সরকারি নিয়ম নীতি ও আদালতের আদেশ মেনেই নির্মাণ কাজ করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181734