সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্খিত স্বাস্থ্যসেবা মিলছে না, স্থায়ী অবকাঠামো নেই
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী অবকাঠামো না থাকায় প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ কাঙ্খিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল ভাঙনের একযুগ পেরিয়ে গেলেও আজও আলোর মুখ দেখেনি এরাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রায় এক যুগ অন্যের জায়গায় অস্থায়ীভাবে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাপ্তরিক ও চিকিৎসাসেবা কার্যক্রম। নিজস্ব জমি অধিগ্রহণ না করায় অবকাঠামো সংকটে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে।
রোগী ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, ডাক্তার চেম্বার, বাসভবনসহ পর্যাপ্ত রুম ও যন্ত্রপাতি সংকটে রয়েছে ৩১ শয্যা চৌহালী উপজেলা হাসপাতাল। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা বিশিষ্ট করা হয়েছে। অথচ হাসপাতালটির নিজস্ব অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়নি এক যুগেও।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও চৌহালী বাসীর দাবি, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নিজস্ব জমি অধিগ্রহণ করে স্থায়ী অবকাঠামো নির্মাণ, অ্যাম্বুলেন্সের জন্য চালক নিয়োগ, জনবলসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক। এতে দুর্গম উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ হবে এবং সরকারের কাঙ্খিত সেবা জনগণের দোরগড়ায় পৌঁছাবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181714