ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারক চক্র ও ৩ ভূয়া ডিবি আটক
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর থানার গড়েয়া ইউপির অর্ন্তগত মিলনপুর গ্রামস্থ মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরাতন ভবনের সামনে একজন ব্যক্তিকে আমেরিকান ডলারের কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশের পরিচয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
সংবাদ প্রাপ্তির পরই ডিবি পুলিশের ওই টিমটি ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়। এসময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দেউলি পশ্চিম পাড়া গ্রামের মৃত আসব আলীর ছেলে মো: নার্গিস মিয়া(৪৫), শাহাডুবি গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: ওমর ফারুক(২০) ও মিলনপুর গ্রামের মো: মাসুদ রানার স্ত্রী মোছা: হালিমা খাতুনকে(৩৭) গ্রেফতার করা হয়।
এসময় ভিকটিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে এক ডলার সমমূল্যের ১১টি আমেরিকান ডলার, একটি হ্যান্ডকাফ, একটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।
জানা যায়, তারা দীর্ঘদিন সু-কৌশলে ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181702