হবিগঞ্জে মাদক সন্দেহে যুবক আটকিয়ে রাখায় সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জে মাদক সন্দেহে যুবক আটকিয়ে রাখায় সংঘর্ষ, আহত ১৫
মাদক সন্দেহে দুই যুবককে আটকিয়ে রাখার অভিযোগে হবিগঞ্জ শহরের নোয়াগাঁও ও আনোয়ারপুর এলাকার যুবকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
আজ শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে নোয়াগাঁও-আনোয়ারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হবিগঞ্জ বাইপাস সড়কের আনোয়ারপুর পয়েন্ট এলাকায় রিচি ইউনিয়নের নোয়াগাঁও এলাকার দুই যুবককে মাদক সংশ্লিষ্টতার সন্দেহে আটক করেন আনোয়ারপুর এলাকার কয়েকজন যুবক। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নোয়াগাঁও ও আনোয়ারপুর এলাকার যুবকরা হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তবে ওই ঘটনার জেরে রাতভর দুই এলাকার যুবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 
এ সময় কয়েকটি বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক সময়ের আলোকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181685