সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি নেপালের

সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি নেপালের

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ভয়াবহ বন্যায় উদ্ধারকাজে বিদেশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। নিখোঁজ বিদেশি নাগরিকদের সন্ধানে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাপক কূটনৈতিক চাপের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সীমিত পরিসরে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার বোটেকোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল সরকার প্রথমে জানিয়েছিল, দেশটির নিজস্ব উদ্ধারকারী দলই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাই বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দেওয়া হবে না। তবে এক দিনের মধ্যেই সেই অবস্থান পরিবর্তন করে টানেল থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত হয়।

নেপালের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। কারণ নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ ও কারিগরি দলকে নেপালে কাজের অনুমতি দেওয়া হয়েছে। এসব দলের সদস্যরা টানেলে আটকে পড়াদের উদ্ধার এবং মৃতদের ডিএনএ ও ফরেনসিক পরীক্ষায় সহায়তা করবেন। নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় ৫৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন। তাদের মধ্যে ৩১ দেশের ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন। 

ভারত ইতিমধ্যে টানেল উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নেপালকে বিভিন্ন ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা দিতে প্রস্তুত। দক্ষিণ কোরিয়াও উদ্ধারকাজে সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন নেপালে থাকা দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নিখোঁজ নয়জন দক্ষিণ কোরীয় নাগরিকের সন্ধানে দেশটি একটি ‘প্রম্পট রেসপন্স টিম’ পাঠিয়েছে এবং আরও বড় উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী খানাল বলেন, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তিনটি ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে। সূত্র : দ্য কাঠমান্ডু পোস্ট

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181662