বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় এনজিও কর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধর্ষণ মামলার আসামি এনজিও কর্মী মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ সদস্যরা শিবগঞ্জের আলাদিপুর থেকে তাকে গ্রেফতার করে। র্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি টিম গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া একটার দিকে আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামি এনজিও কর্মী মোঃ মাসুদ (৩৫)কে গ্রেফতার করে। ধৃত মাসুদ আলাদিপুরের সায়েদ আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী এক প্রবাসির স্ত্রী। তার স্বামী ৪ বছর ধরে বিদেশে থাকেন। এ অবস্থায় ওই নারী একটি এনজিওতে ঋণ নিতে গিয়ে আসামি এনজিও কর্মী মাসুদের সাথে তার পরিচয় হয়। পরবর্তীসময়ে মাসুদ ওই নারীর হাতে থাকা মোবাইল ফোন জোর করে কেড়ে নিয়ে তার বাসায় চলে যায়। পরে ওই নারী তার মোবাইল ফোন চাইলে সে তার বাড়িতে এসে নিয়ে যেতে বলে।
তখন মোবাইল ফোন নেওয়ার জন্য তার বাড়িতে যান ওই নারী। তিনি তার বাড়িতে গিয়ে দেখেন কেউ নেই। পরে এই সুযোগে আসামি মাসুদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করে রাখে।
পরবর্তীতে সে তার নগ্ন ভিডিও ও ছবি দেখিয়ে বার বার ব্লাকমেইল করে ওই নারীকে ধর্ষণ করে। পরে এই ঘটনায় তিনি বগুড়া সদর থানায় মাসুদকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব আসামি মাসুদকে গ্রেফতার করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181618