সমস্যায় জর্জরিত বগুড়ার সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বালুয়াহাট ডিগ্রি কলেজ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। শ্রেণিকক্ষের তীব্র সংকট, প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব এবং মাত্র ২২ বছর আগে নির্মিত ৩ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে ব্যাহত হচ্ছে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা সহস্রাধিক। উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি অবকাঠামোগত সুযোগ-সুবিধা। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩তলাবিশিষ্ট ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদেরকে ক্লাস করতে হচ্ছে।
কলেজের বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। অন্যদিকে, লাইব্রেরিতে অপ্রতুল বই, নেই খেলাধুলার পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী। এছাড়া সীমানা প্রাচীর থাকলেও তা ঝুঁকিপূর্ণ। কলেজের পূর্ব পার্শ্বে সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাচলে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে কলেজের শিক্ষার্থী নাজমীন আকতার, মৌসুমী খাতুন, পাভেল মিয়া বলে, অবকাঠামোগত সুবিধার অভাবে আমরা ঠিকমতো ক্লাস করতে পারছি না। দূর-দূরান্ত থেকে এসে যদি ক্লাসে বসার পরিবেশ না পাই, তবে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল বলেন, বিদ্যমান নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারা শিক্ষার মান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে কলেজ গভনিং বডির সভাপতি আহসান হাবীব মহন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের শাসনামলে অত্র কলেজে ৬ তলা বিশিষ্ট একটি ভবন হওয়া প্রয়োজন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181616