সবজি সংরক্ষণে কালাই হাটে মিনিহিমাগার উদ্বোধন

সবজি সংরক্ষণে কালাই হাটে মিনিহিমাগার উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : উৎপাদিত সবজি সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত এবং সংরক্ষণজনিত অপচয় কমানোর লক্ষ্যে জয়পুরহাটের কালাই হাটে ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিনি হিমাগারের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নির্মিত হিমাগার চালু হওয়ায় প্রান্তিক চাষির উৎপাদিত সবজি সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রির সুযোগ পাবেন।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কালাই হাটে আয়োজিত অনুষ্ঠানে মিনি হিমাগারের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। এসময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কালাই একটি কৃষিপ্রধান এলাকা। এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করলেও উৎপাদিত পণ্য সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় বাজারে দাম কম থাকলেও পঁচনের কারণে বিক্রি করতে হয়। মৌসুমে বাজারে বিপুল পরিমাণ সবজির আমদানি হওয়ায় দাম পড়ে যায়। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে কৃষকরা লোকসানের পড়েন। আবার বিক্রি না হওয়া সবজি নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের ক্ষতির পরিমাণ বাড়ে।

এমন অবস্থায় কালাই হাটে মিনি হিমাগার স্থাপনকে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন কৃষিবিভাগ। নতুন এই সংরক্ষণাগারে সবজি সংরক্ষণের সুযোগ থাকায় কৃষকরা বাজারে দাম কম থাকার সময় পণ্য বিক্রি না করে কিছুদিন অপেক্ষা করতে পারবেন। বাজারদর তুলনামূলক ভালো হলে সংরক্ষিত সবজি বাজারজাত করে বাড়তি দাম পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে একদিকে অপচয় কমবে, অন্যদিকে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেন, কৃষকের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। কৃষক যেন উৎপাদনের পরপরই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে। তিনি আরও বলেন, আমাদের কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। কিন্তু অনেক সময় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে দাম কমে গেলে তারা ক্ষতির মুখে পড়েন।

হাটে সবজি সংরক্ষণের জন্য মিনি হিমাগার চালুর ফলে কৃষকরা উৎপাদিত সবজি কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করার সুযোগ পাবেন। এতে কৃষকের উৎপাদন খরচের ন্যায্য প্রতিফলন পাওয়ার সম্ভাবনা বাড়বে।

স্থানীয় কৃষকরা জানান, সবজি উৎপাদনে খরচের বড় একটি অংশ যায় পরিবহন ও বাজারজাতকরণে। বাজারে দাম কম থাকলে পণ্য ধরে রাখার সুযোগ না থাকায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়। নতুন হিমাগারটি কার্যকরভাবে পরিচালিত হলে সেই চাপ অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।

কালাইয়ের কৃষকরা আশা করছেন, ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই মিনি হিমাগারটি নিয়মিত ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত হলে এটি শুধু সবজি সংরক্ষণের স্থাপনা হিসেবে নয় বরং স্থানীয় কৃষকের আয় বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার একটি কার্যকর উদ্যোগে পরিণত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181613