কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেদওয়ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কেকতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। রেদওয়ান ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একা খেলছিল রেদওয়ান। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশে বাঁশঝাড় সংলগ্ন খালে পড়ে যায় শিশুটি। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা। দ্রুত উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181611