গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন স্কুল ভবনের রড চুরি
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনে রড চুরির অভিযোগ উঠেছে। জানা যায়, দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। ভবন নির্মাণের জন্য সেখানে বিপুল পরিমাণ রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা ছিল।
গত বুধবার রাতে স্কুলটির নৈশ্যপ্রহরী মোমিনুল ইসলাম এবং তার ছোট ভাই মাহিদুল ইসলাম, প্রতিবেশী জাহিদ মিয়া ও দারোয়ান জুয়েল মিয়া ৩৫৭ কেজি রড চুরি করে স্থানীয় ছোটন মিয়ার ভ্যানযোগে রসুলপুরের মহিষবান্দির একটি ভাঙ্গারির দোকানে বিক্রি করে।
এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিএনপির কর্মী নূর সালাফী ও সাজু মিয়া ওই দোকানে গিয়ে চোরাই রড শনাক্ত করেন। এরই মধ্যে মাহিদুল ইসলাম, জাহিদ মিয়া ও জুয়েল মিয়া পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঠিকাদরি প্রতিষ্ঠানের হা-মীম ইন্টার ন্যাশনাল কোম্পানির প্রকৌশলী সুজা মিয়া বলেন, খবর পেয়ে চোরাই রডগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181575