শয্যাশায়ী বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা

শয্যাশায়ী বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক: প্যারিসে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। প্রচণ্ড জ্বরে শয্যাশায়ী অবস্থায় বেশ কষ্টেই সময় কাটছিল তার। এর মধ্যেই এক প্রতিবেশীর কাছ থেকে পাওয়া ভালোবাসার ছোট্ট উপহার অভিনেত্রীর মন ভালো করে দিয়েছে।

জানা গেছে, এক বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার খবর জানতে পারেন প্যারিসের ওই পরিবার। অভিনেত্রী যে অসুস্থ হয়ে ঘরে বিশ্রাম নিচ্ছেন, তা জানার পর তাকে একটু আনন্দ দেওয়ার উদ্যোগ নেন তারা। প্রীতির পছন্দের খাবার কড়ি-চাওয়াল শহরের একটি বিশেষ রেস্টুরেন্ট থেকে অর্ডার করে তার কাছে পাঠিয়ে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন প্রীতি। সেখানে দেখা যায়, খাবারের প্যাকেট খুলে প্রিয় কড়ি-চাওয়াল দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তিনি। অসুস্থতার মধ্যেও এমন আন্তরিকতার স্পর্শে অভিনেত্রীর মুখে ফুটে ওঠে হাসি।

এই সুন্দর উদ্যোগের জন্য প্রতিবেশী পরিবারটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রীতি। তার মতে, পাঞ্জাবি সংস্কৃতির আতিথেয়তা ও মানুষের প্রতি আন্তরিকতার যে সুনাম রয়েছে, এই ঘটনাটি তারই সুন্দর একটি উদাহরণ।

প্রীতি আরও জানান, প্যারিসে গেলে ওই রেস্টুরেন্টের খাবারও একবার চেখে দেখা যেতে পারে। প্রতিবেশীদের এই আন্তরিকতা ও যত্নের কথা তিনি দীর্ঘদিন মনে রাখবেন বলেও জানান অভিনেত্রী।

এদিকে অভিনয়ে দীর্ঘ বিরতির পর সম্প্রতি বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে প্রায় আট বছর পর দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল। ছবিটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে ফিরে প্রথম দিনের শুটিং নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন প্রীতি। বিশেষ করে দীর্ঘ বিরতির পর কঠিন দৃশ্যের শুটিং তাকে কিছুটা চাপে ফেলেছিল। তবে সহশিল্পী সানি দেওলের সহযোগিতা ও আন্তরিকতায় সেই অস্বস্তি অনেকটাই কেটে যায় বলে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভইয়াজি সুপারহিট’ সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল প্রীতি জিনতাকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181555