মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু ২ সেপ্টেম্বর

মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু ২ সেপ্টেম্বর

মাদ্রাসার ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির চলতি বছরের বৃত্তি পরীক্ষার অনলাইন ফরমপূরণ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বোর্ড ফি অনলাইনে জমা দেওয়ার শেষ সময় ১১ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আর দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিটি পরীক্ষার্থীর বোর্ড ফি ৪০০ টাকা। এ অর্থ অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এর বাইরে ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। পরে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্টকে ওই অর্থ কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দিতে হবে।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ফরম পূরণে প্রতিষ্ঠানের ইআইআইএন বা কোড ও পাসওয়ার্ড দিয়ে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করে শিক্ষার্থীর তথ্য দিতে হবে। তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের পর তা চূড়ান্তভাবে জমা দিতে হবে। শিক্ষার্থী ও বাবা-মায়ের নাম এবং জন্মনিবন্ধন নম্বর ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে।

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন নির্বাচন করতে হবে। সম্ভাব্য তালিকা প্রিন্ট করে সেখান থেকে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিতদের নিয়ে অস্থায়ী তালিকা তৈরি করে তথ্য যাচাই করা যাবে। ফি দেওয়ার ২৪ ঘণ্টা পর চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। সেটি প্রিন্ট করে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিতে হবে।

বৃত্তি পরীক্ষার ফরমপূরণসংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181529