নারায়ণগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দাসিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ উপজেলার দাসিরদিয়া কবরস্থানের পাশে বসবাসকারী আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দাসিরদিয়া নেওয়াজির পুকুরে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181493