নেপাল থেকে যা জানালেন অপু বিশ্বাস

নেপাল থেকে যা জানালেন অপু বিশ্বাস

নতুন সিনেমার শুটিংয়ে নেপালে গিয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশটিতে সড়ক যোগাযোগ চরমভাবে বিপর্যস্ত হওয়ায় তার দেশে ফেরার পরিকল্পনা কিছুটা পরিবর্তন করতে হয়েছে। 

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

জানা গেছে, আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৬টার ফ্লাইটে নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এই অভিনেত্রী। দেশে ফিরে তিনি আবারও নিজের নিয়মিত কাজে ব্যস্ত হয়ে উঠবেন।

চলতি মাসের প্রথম দিকে শিকার সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এছাড়া আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য প্রমুখ। 

এর আগে শুটিংয়ের ফাঁকে নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নজর কেড়েছিলেন তিনি।

এদিকে বুধবার নেপালে হঠাৎ বয়ে যাওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছে শত শত মানুষ। বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে পোখারায় নিরাপদে অবস্থান করছেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, আমি পোখারাতে আছি, নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তাটি ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি, এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগবে।

তিনি আরও জানান, তাদের যাতায়াতের গাড়ি প্রস্তুত করা হয়েছে এবং কাঠমান্ডুগামী ফ্লাইটে তীব্র চাপ থাকায় শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার ফ্লাইটেই তিনি দেশে ফিরবেন।

সবার কাছে দোয়া চেয়ে অপু বলেন, আমার জন্য চিন্তা করবেন না। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181468