ফুলবাড়ীর দিকে তাকালে কয়লা ছাড়া তারা কিছুই দেখে না: আনু মুহাম্মদ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘ফুলবাড়ীর দিকে তাকালে কয়লা ছাড়া তারা কিছুই দেখে না। কোম্পানি ও তাদের সহযোগীরা নিজেদের মুনাফার জন্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। এ অঞ্চলের মানুষ ও বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।’
আজ বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে ফুলবাড়ী নিমতলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা এ সমাবেশের আয়োজন করে।
অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘দায়িত্বহীন বক্তব্য’ উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে বিএনপি সরকারের সময় গণঅভ্যুত্থানের পর জনগণের দাবি মেনে তৎকালীন সরকার জনগণের সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তির ঐতিহাসিক মূল্য অসীম।
তিনি বলেন, ‘বিএনপি সরকার এই পথে অগ্রসর হলে জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। অবিলম্বে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ বছরের মধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করা হবে।’
এর আগে সকালে কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করা হয়। বিভিন্ন সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।
ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে শোক র্যালি বের করা হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সাবেক মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে ‘ফুলবাড়ীবাসী’র ব্যানারেও শোক র্যালি ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফুলবাড়ী রক্ষার শপথ পাঠ করানো হয়।
পরে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা শোক র্যালি শেষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানাসহ অনেকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181392