ঈদে মিলাদুন্নবী- ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ: জয়া আহসান

ঈদে মিলাদুন্নবী- ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ: জয়া আহসান
বিনোদন ডেস্ক :  পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ স্মরণ করছেন বিশ্বের মুসলিমরা। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা জানিয়েছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান।
 
এক স্ট্যাটাসে জয়া আহসান লিখেছেন, ‘ঈদে মিলাদুন্নবী-ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’
 
জয়ার সংক্ষিপ্ত বার্তায় ভালোবাসা, শান্তি ও মানবতার গুরুত্ব উঠে এসেছে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক মূল্যবোধ ও শান্তির পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। চট্টগ্রামে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকেও জশনে জুলুসের র‍্যালি বের হয়।
 
এ ছাড়া ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।
 
প্রতি বছর হিজরি সনের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণ করেন। এ উপলক্ষে মহানবী (সা.)-এর জীবন, শিক্ষা ও মানবিক আদর্শ নিয়ে আলোচনা এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181391