তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী বছর : ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রচারণার সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ অনেকদূর এগিয়েছে। বড় প্রকল্প হওয়ায় আগে নানা ধরনের অনুমাননির্ভর বক্তব্য দেওয়া হলেও এখন বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা চলছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।
তার দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে লালমনিরহাটের সামগ্রিক চেহারা বদলে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে গর্ব করার আহ্বান জানিয়ে ভাওয়াইয়া গান ও রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ঐতিহ্য তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম খোকন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম আকাশ।
আনিসুল ইসলাম খোকন নবীনদের ভালো ফলাফলের মাধ্যমে পরিবার, সমাজ ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শিক্ষার্থীদের প্রশংসা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ২০ ও ২১ ব্যাচের নবীন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি অতিথিরা নবীনদের সুন্দর শিক্ষাজীবন ও বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181354