নতুন মিডফিল্ডারকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক : মাঝমাঠ শক্তিশালী করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমানসের পর এবার ব্রাইটনের ২২ বছর বয়সী ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। শর্তসাপেক্ষ অর্থসহ এই চুক্তির মূল্য সর্বোচ্চ ৭ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকা।
মঙ্গলবার বালেবাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউনাইটেড। তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুতে ব্রাইটনকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড দেবে ইউনাইটেড। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৫০ লাখ পাউন্ড পেতে পারে ব্রাইটন। বাংলাদেশি মুদ্রায় অতিরিক্ত এই অর্থ প্রায় ৮৪ কোটি টাকা। ভবিষ্যতে বালেবাকে বিক্রি করা হলে সেই অর্থের একটি অংশও পাবে ব্রাইটন।
বর্তমানে গোড়ালির লিগামেন্টের চোটে আছেন বালেবা। প্রাক্-মৌসুম প্রস্তুতির সময় পাওয়া চোটের কারণে ব্রাইটনের সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে এই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে না বলেই ধারণা করা হচ্ছে।
২০২৩ সালে ফরাসি ক্লাব লিল থেকে ব্রাইটনে যোগ দেন বালেবা। তিন মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১২ ম্যাচ খেলেছেন তিনি। শক্তিশালী ট্যাকল, বল দখলের দক্ষতা এবং মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠার সক্ষমতার কারণে ব্রাইটনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন এই মিডফিল্ডার।
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়াকে স্বপ্নপূরণ হিসেবে দেখছেন বালেবা। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জার্সিতে মাঠে নামা তার জন্য বড় সম্মানের হবে বলে জানিয়েছেন ক্যামেরুনের এই ফুটবলার।
সান্তোস ও তিলেমানসের পর বালেবার আগমনে ইউনাইটেডের মাঝমাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ল। দলে আগে থেকেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, কবি মাইনু ও মানুয়েল উগার্তে। তবে হাঁটুর লিগামেন্টের চোটের কারণে দীর্ঘ সময় উগার্তেকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181347