শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

শিশুর প্রতিভা বিকাশে বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মাসভিত্তিক কর্মসূচি চালু

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়ন, উন্নত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্দিষ্ট কিছু সহশিক্ষা ও একাডেমিক কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও খেলাধুলার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকেই এই পরিকল্পনা সাজানো হয়েছে। প্রতিটি মাসের কার্যক্রম সুনির্দিষ্ট করে দিয়ে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।

এই আদেশ অনুযায়ী প্রত্যেক মাসের শেষ কর্মদিবসে কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও মাসিক প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। কর্মসূচির বিবরণী থেকে দেখা যায়, প্রতিটি মাসেই একাডেমিক ও খেলাধুলার সমন্বয় রাখা হয়েছে। গেলো জুলাই মাসে প্রতিটি বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশ, ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন, পাঁচটি করে বৃক্ষ রোপণ এবং শুদ্ধভাবে বই পড়া কর্মসূচির করা হয়।

আগস্ট মাসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অংক দৌড়, কেরাম, লুডু খেলা এবং বাংলা বিষয়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেপ্টেম্বর মাসের কার্যক্রমে যুক্ত রয়েছে কবিতা আবৃত্তি চর্চা, স্মৃতি পরীক্ষা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা চর্চা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং ইংরেজি বিষয়ে কুইজ প্রতিযোগিতা।

পরবর্তী মাসগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা রয়েছে। অক্টোবর মাসে ফুটবল, মোরগের লড়াই ও হাডুডুর মতো মাঠের খেলার পাশাপাশি গণিত কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। নভেম্বর মাসে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ব্যাডমিন্টন এবং কানামাছি ও গোল্লাছুটের মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার ব্যবস্থা করা হয়েছে।

বছরের শেষ মাস ডিসেম্বরে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পাশাপাশি দেয়ালিকা প্রকাশের মাধ্যমে বছর শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পুরো কর্মসূচির একটি বিশেষ দিক হলো পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রতিটি বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্যাক মিটিং’ অনুষ্ঠিত হবে।

এতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কাব শিক্ষকরাও অংশ নেবেন, যা শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে সাহায্য করবে। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন স্বাক্ষরিত এই আদেশটি জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে যাতে মাঠ পর্যায়ে এর শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181343