পাবনার চাটমোহরে কৃষক রোপা আউশে ঝুঁকেছে, ফলন ভালো, খরচ কম
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় এক সময় শুধু রোপা আমন, বোনা আমন ও বোরো ধানের চাষ হলেও শস্য বিন্যাস পরিবর্তনের ফলে দুই ধান উঠার মাঝে বাড়তি ফসল হিসেবে আউশ চাষে ঝুঁকেছে কৃষকরা।
উপজেলায় চলতি মৌসুমে বোনা ও রোপা মিলিয়ে ১ হাজার ৪১৩ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। খরিপ-১ মৌসুমে রোপণ করা আউশ ধান কাটার কাজ প্রায় শেষের দিকে। কৃষকেরা বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ হারে ধান পাচ্ছেন বলে জানিয়েছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় আউশ ধানের চাষ হয়েছে। উঁচু এলাকাগুলোতে দিন দিন আউশ চাষ বাড়ছে।
মথুরাপুর ইউনিয়নের বৃগুয়াখড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, রোপা আমন ও রোপা আউশে ফলন প্রায় সমান হলেও আমন ও বোরো চাষে খরচ বেশি হয়। আউশ ধান চাষের পর সরিষা, গম বা অন্যান্য চৈতালি ফসল চাষ করলে লাভ বেশি হয়। তিনি আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি দপ্তর থেকে সার ও বীজ পাওয়ায় আউশ ধান চাষ করে কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, আউশ ধান স্বল্প জীবনকালীন এবং এর সেচ খরচও কম। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কম হয়। কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উচ্চফলনশীল জাতের বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় উপজেলায় আউশ চাষ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, শস্য বিন্যাসে পরিবর্তন এনে উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়তি ফসল হিসেবে আউশ চাষের মাধ্যমে শস্যের নিবিড়তা বাড়ছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশ ধান জনপ্রিয় করতে কৃষি বিভাগ কাজ করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181334