দিনাজপুরের বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

দিনাজপুরের বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর শহরের কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় গতকাল সোমবার ভোরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বিরামপুর কলাবাগান এলাকায় শ্রমিকরা মহাসড়কের পাশে গত রোববার রাতে ড্রেন খননের মাটি সরানোর কাজ করছিলেন।

গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ডভ্যান দুইজন নির্মাণ শ্রমিক মানিক (২৩) ও কান্দুকে (৪৫) ধাক্কা দেয়। এলাকাবাসী আহত দু’জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মানিকের অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে দিনাজপুর নেওয়ার পথে গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। মৃত মানিক বিরামপুর উপজেলার পলিখাঁপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।

আহত কান্দু দিনাজপুর মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ক্যাভার্ডভ্যান চালক আজমির হোসেনকে (৩০) গ্রেফতার ও কাভার্ডভ্যান জব্দ করে। চালক আজমির লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলগি গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন বলেন, দুর্ঘটনার বিষয়ে গতকাল সোমবার থানায় সড়ক আইনে মামলার পর গ্রেফতারকৃত চালককে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181323