নওগাঁয় বিকট শব্দে বাইক চালানোর অপরাধে কিশোরের জরিমানা
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে মোটরসাইকেল চালানোর সময় বিকট শব্দের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি ও শব্দ দূষণ করার অপরাধে সাকলাইন মোস্তাক নামের এক কিশোরের ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে গ্রেফতার করে এই জরিমানা করা হয়। সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল করে আসছে। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করায় এলাকাবাসী মোটরসাইকেলসহ কিশোরকে আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মামলা দেওয়াসহ মোটরসাইকেলটি জব্দ করে।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল করা সড়ক পরিবহন আইন অনুযায়ী একটি কঠিন অপরাধ। ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সরটি খুলে নেওয়া হবে যা অফেরতযোগ্য। এমন কার্যক্রম শহরজুড়ে চলমান আছে এবং আগামীতে আরও জোরদার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181317