ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন শি চিন পিং
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন।
সর্বশেষ ২০১৯ সালে নয়াদিল্লি সফর করেছিলেন শি জিনপিং। সে সময়ও ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। ওই সফরে প্রায় ২০০ কর্মকর্তার বহর ছিল তার সঙ্গে। এবার সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০০ কর্মকর্তা থাকবেন বলে জানা গেছে।
রয়টার্সকে ব্রিকস সম্মেলনের আয়োজক কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, চীনা কর্মকর্তারা বর্তমানে শি জিনপিংয়ের সফরকে কেন্দ্র করে হোটেল চূড়ান্তকরণ ও নিরাপত্তা প্রটোকলসহ বিভিন্ন প্রস্তুতির কাজ করছেন।
২০১৯ সালের সফরের পর ২০২০ সালের জুনে লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘাতের জেরে নয়াদিল্লি ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্কে তিক্ততা তৈরি হয়, যার রেশ কয়েক বছর ধরে ছিল।
এরপর গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফর করেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে চীন সফর করেছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর মোদির বেইজিং সফরের পর থেকেই ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে।
এরই ধারাবাহিকতায় সাত বছর পর শি জিনপিংয়ের ভারত সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181246