পাবনার চাটমোহরে আবাসিক এলাকায় জৈব সার কারখানা, মারা যাচ্ছে বৃক্ষরাজি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর এলাকায় চাটমোহর-হরিপুর সড়কের পাশে নারিকেলপাড়া মহল্লায় আবাসিক এলাকাতে জৈব সার তৈরির কারখানা স্থাপন করায় মারাত্মভাবে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। দুর্গন্ধময় পরিবেশের কারণে জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। বিষাক্ত গ্যাসে মারা যাচ্ছে আশপাশের গাছপালা। অনুমোদনবিহীন এই কারখানা বন্ধে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।
অভিযোগে জানা গেছে, নারিকেলপাড়া মহল্লার মো. আমিনুল ইসলাম মুকুল তিন বছরের জন্য শামীম হোসেনের কাছে জায়গা ভাড়া দেন। শামীম হোসেন ওই জায়গায় জৈব সার তৈরির কারখানা স্থাপন করেন। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে।
এলাকায় গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ তৈরি করা জৈব সার বস্তায় তুলছেন। গরুর গোবর, চা পাতা ডাস্টসহ বিভিন্ন দ্রব্যাদি স্তুপ করে রাখা হয়েছে। এই কারখানার আশপাশের গাছপালা মারা যাচ্ছে এর বিষাক্ত গ্যাসের কারণে। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে অনেকখানি এলাকাজুড়ে। অভিযোগের কপি পাবনা জেলা প্রশাসক, পরিচালক, বিভাগীয় কার্যালয, পরিবেশ অধিদপ্তর, বগুড়া, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পাবনা, সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেলসহ স্থানীয় প্রেস ক্লাবে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে জায়গার মালিক আমিনুল ইসলাম মুকুল জানান, ৩ বছরের জন্য তিনি জায়গা ভাড়া দিয়েছেন। এখানে যদি পরিবেশ দূষণজনিত কোন কিছু করা হয়, তাহলে তা অন্যায়। বিষয়টি দেখবো। জৈব সার কারখানার মালিক শামীম হোসেন জানান, কারখানার জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন দেওয়া আছে। অন্যান্য প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, যদি অভিযোগ দিয়ে থাকে, তাহলে আবশ্যই বিষয়টি দেখে ব্যবস্থা নেবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181221