রংপুরে চার খুন : আদালতে দুই খুনির স্বীকারোক্তি, পাশাপাশি জ্বললো চারটি চিতা

রংপুরে চার খুন : আদালতে দুই খুনির স্বীকারোক্তি, পাশাপাশি জ্বললো চারটি চিতা

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ পরিবারের চার সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে দুই অভিযুক্ত খুনি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরআগে, বিকেল ৫টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, গ্রেফতারকৃতরা নিজেদের দায় স্বীকার করায় তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। পরে তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

এদিকে, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী(৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী(৫০), মেয়ে আগামী চক্রবর্তী(২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী(১২) হত্যাকাণ্ডের শিকার হন। একই পরিবারের চার সদস্যকে নিজ বাড়িতে হত্যার পর গতকাল রোববার রাতে রংপুর নগরীর দখিগঞ্জ মহাশ্মশানে সম্পন্ন হয়েছে তাদের শেষকৃত্য। পাশাপাশি চারটি চিতায় দাহ করা হয় তাদের।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181215