ঠাকুরগাঁওয়ের সাতাত্তর বিদ্যালয়ের ৪১টিতেই নেই প্রধান শিক্ষক

ঠাকুরগাঁওয়ের সাতাত্তর বিদ্যালয়ের ৪১টিতেই নেই প্রধান শিক্ষক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দেখা দিয়েছে। এলাকার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪১টি প্রতিষ্ঠানই চলছে প্রধান শিক্ষক ছাড়া। দীর্ঘদিনের এই শূন্যতার কারণে প্রশাসনিক স্থবিরতার পাশাপাশি ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, রুহিয়ার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২০টিতে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন। জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে ১৬টি স্কুল। ঐতিহ্যবাহী রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলকলি, জামাদারপাড়া, বেকামনী এবং এফ কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাকি ৪১টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে ফাঁকা।

জানা যায়, রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪শ’ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত আছেন সাতজন সহকারী শিক্ষক। সেখানে ২০২২ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা গোলাম রব্বানী জানান, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি স্কুলের পুরো প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে স্বাভাবিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটছে।

বিদ্যালয়গুলোর সার্বিক প্রশাসনিক অভিভাবক না থাকায় শিক্ষা ও প্রতিষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলা নষ্ট হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা।

এ বিষয়ে উপজেলার রুহিয়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিইও) মুসা আলী জানান, তারা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সহকারী শিক্ষকদের ওপর প্রশাসনিক চাপ কমিয়ে পাঠদান স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন জানান, পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হলেই এই সংকট কেটে যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181207