চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবতী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবতী (২৩) নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে শহরের ১নং ওয়ার্ডের মহাডাঙ্গা নামক স্থানে ঘটনাটি ঘটে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার সরকার বলেন, খবর পেয়ে জিআরপি মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট পরিচয় শনাক্তের জন্য যুবতীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
মহাডাঙ্গা এলাকাবাসীর বরাতে জিআরপি কর্মকর্তা আশিষ বলেন, ওই যুবতীতে ৪/৫ দিন যাবত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই তরুণী তার বাড়ি খুলনা, যশোর অঞ্চলে বলে এলাকাবাসীকে জানিয়েছিল। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181173