শেরপুরে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুর থেকে রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুরা উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার বাসিন্দা
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হয় রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
তবে রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। দুই বন্ধু মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত।
তারা ভালোভাবে সাঁতারও জানত না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকেই মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে ডুবে যাওয়ার আশঙ্কা করছিলেন স্বজনরা। পরে সোমবার ভোরে মধ্য নাকশী এলাকার বড় পুকুরে দুইজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে, একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181135