আরও তিন লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : আসছে সেপ্টেম্বরে রাশিয়ার সেনাবাহিনীতে তিন লাখ নতুন সেনা নিয়োগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির। সেপ্টেম্বরের মাঝামাঝি রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। রোববার রাজধানী কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলেনস্কি বলেন, ২০২৭ সালের মধ্যে সেনাবাহিনীতে নতুন ৫ লাখ সেনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে মস্কো। প্রস্তাবিত এই ৫ লাখ সেনার মধ্যে ৩ লাখকে নিয়োগ দেওয়া হবে সেপ্টেম্বরে।
রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এই সেনাদের। সংবাদমাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা। কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছে, তা সফল হবে বলে আমরা মনে করি না।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। তবে নতুন সেনা নিয়োগ করলেও রুশ বাহিনী সফল হবে না বলে দাবি করেছেন জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেছেন, নতুন ৩ লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশিদিন তাদের রাখতে পারবে না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে। সূত্র : রয়টার্স
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181123