নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণাধীন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ টার্গুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সাবেরের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৫২ সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার শূন্যলাইন থেকে আনুমানিক ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্প সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর সাইফুলের পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রাথমিক তথ্যমতে, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। বাঁশ কাটার সময় অসাবধানতাবশত পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে ল্যান্ডমাইন পুঁতে রাখার কারণে সীমান্তবর্তী বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সীমান্তসংলগ্ন এলাকায় গবাদিপশু চরানো, জ্বালানি কাঠ সংগ্রহসহ বিভিন্ন কাজে যাতায়াতকারী মানুষের জন্য এ ধরনের বিস্ফোরণ মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী ভালুকিয়া, তুমব্রু ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাইন বিস্ফোরণের আশঙ্কা বিরাজ করছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন নিয়ে এর আগেও সীমান্তবর্তী এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181121