ইনফান্তিনোকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম উয়েফা’র

ইনফান্তিনোকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম উয়েফা’র

স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উয়েফা’র সম্পর্কের টানাপোড়ন চলছে সেই বিশ্বকাপের সময় থেকেই। এক রকম ঘোষণা দিয়েই ফিফা সভাপতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইউরোপিয়ান ফুটবলের এই সংস্থাটি। এবার উয়েফা প্রধান আলেকজান্ডার সেফেরিন রীতিমত সরে দাঁড়ানোর আল্টিমেটাম বেঁধে দিলেন ইনফান্তিনোকে।

সেফেরিন জানিয়েছেন, ইনফান্তিনোর জায়গায় ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহ তার নেই। তবে তিনি সতর্ক করে বলেছেন, চাপের মুখে থাকা বর্তমান সভাপতিকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো আগামী মার্চে নেতৃত্বের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে সেফেরিন বলেন, আমি ফিফা সভাপতির পদের জন্য আগ্রহী নই দুটি কারণে। প্রথমত, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতে পছন্দ করি। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময় পর জীবন উপভোগ করাও প্রয়োজন। আর দ্বিতীয়ত, আমি যদি এই পদের প্রতি আগ্রহী না হই, তবে আমার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি থাকবে।

সেফেরিনের মতে, এখন দুটি পথ খোলা আছে ইনফান্তিনোর সামনে, ইনফান্তিনোকে বুঝতে হবে যে ফুটবল অঙ্গনে তার কোনো সমর্থন নেই। শুধু ভোটের রাজনৈতিক সমর্থন নয়; সমর্থক, খেলোয়াড়, সাবেক তারকা ও কোচদের সমর্থনও তিনি হারিয়েছেন। আর দ্বিতীয় পথটি হলো নির্বাচনে যাওয়া। সে ক্ষেত্রে আমি নিশ্চিত তার বিরুদ্ধে একজন শক্ত প্রার্থী দাঁড়াবে, যদিও তিনি কে তা আমি এখনো জানি না।

যদিও সেফেরিন নিজে লড়বেন না, তবে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাকে ইনফান্তিনোর সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181114