বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে দুই মাদক কারবারি গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে নাঈম আকন্দ (২০) ও আশিক মিয়া (৩০) নামে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। নাঈম আকন্দ উপজেলার নারচী ইউনিয়নের নারচী পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আশিক মিয়া পৌর এলাকার বাগবেড় গ্রামের শুকুর আলী প্রামানিকের ছেলে। নাঈম আকন্দের নিকট থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরদিকে আশিক মিয়া একজন পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারি।

সারিয়াকান্দি থানার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় নাঈম আকন্দকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে পরোয়ানাভুক্ত মাদক কারবারি আশিক মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, মাদক কারবারি নাঈম আকন্দের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের উভয়কেই আজ রোববার (২৩ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181076