বগুড়ায় ‘মি. কেক’ নামের কেকের কারখানায় অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা ও ভাঙা ডিম ব্যবহার করে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরির অপরাধে ‘মি. কেক’ নামের একটি কারখানার মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেক তৈরিতে সংরক্ষিত ৮৭০টি পচা ও ভাঙা ডিম জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
আজ রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায় জন্মদিনের কেক প্রস্তুতের কাজে নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য সংরক্ষণ করাসহ শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত জন্মদিনের কেক প্রস্তুতের কাজে নিয়োজিত খাদ্যকর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছিলেন না।
এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
পরে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181053