ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪নং ঢোলারহাট ইউনিয়নের নওপাড়া গ্রামে রাতের আঁধারে শতাধিক ফলন্ত লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের মো: আশরাফুল ইসলাম (৩৭) ১ একর ৫০ শতক জমি লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন। পরবর্তীতে জমির মূল মালিক মো: সম্বু ইসলাম ওরফে রফিকুলকে (৫৫) সাথে নিয়ে তিনি যৌথভাবে ক্ষেতের পরিচর্যা করছিলেন।

ভুক্তভোগীদের দাবি, গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে শতাধিক লাউ গাছ কেটে নষ্ট করে দেয়। সকালে কাটা গাছগুলো দেখে ক্ষতিগ্রস্ত কৃষকরা কান্নায় ভেঙে পড়েন।  আশরাফুল ও সম্বুর অভিযোগ, ঘটনার সাথে স্থানীয় রশিদুল ইসলাম (৪৫), সাদেকুল হক (৪০), ইসমাইল হোসেন (৪৫) ও আনসারুল (৩০) জড়িত। ভুক্তভোগীরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযুক্ত রশিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সামাজিকভাবে হেয় করতে আমাদের বিরুদ্ধে এই মিথ্যা চক্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সত্য উদ্ঘাটন চাই।

ঢোলারহাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও আইনি প্রক্রিয়ায় কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181042