তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়া এবং শিক্ষার সঠিক পরিচালনা ও মনিটরিং নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আরও তিনটি বিভাগে সফলভাবে এ ধরনের কর্মশালা সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পেয়েছি। চলতি মাসের শেষের মধ্যে দেশের প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

রবিবার (২৩ আগস্ট )বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ববি হাজ্জাজ বলেন, বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত কর্মশালা থেকে পাওয়া মতামত ও ফিডব্যাকের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও বিদ্যালয়গুলো পরিচালিত হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় হঠাৎ করে কোনো পরিবর্তন আনা হবে না। মাঠপর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে পাওয়া বাস্তবভিত্তিক মতামতের ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় ও সময়োপযোগী পরিবর্তন আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, একটি সঠিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমান দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের মূল কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

এ সময় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181031