খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’, নেটিজেনদের প্রশংসা

খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’, নেটিজেনদের প্রশংসা

বিনোদন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক।

নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করেছেন চমক। এ সময় তাকে খালেদা জিয়ার পরিচিত সাজ ও পোশাকে ক্যামেরার সামনে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপস্থাপনা নিয়ে প্রশংসা করছেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। সেখানে খালেদা জিয়াকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করা হয়। 

ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের কথা মনে করিয়ে দেয়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই প্রতিভাবান শিল্পী; তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে। অন্য কেউ মন্তব্য করেন, এই প্রথম কাউকে এত সুন্দরভাবে খালেদা জিয়ার চরিত্রে উপস্থাপন করতে দেখা গেল।

আবার কয়েকজনের মন্তব্য, ভিডিওটি দেখার সময় এক মুহূর্তের জন্য মনে হয়েছে, যেন সত্যিই খালেদা জিয়া পর্দায় উপস্থিত হয়েছেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিয়মিতভাবে অভিনয় জগতে কাজ শুরু করেন তিনি। 

‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিতি পান চমক। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181022