দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ: ডিবি
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ভুয়া গ্রুপের কাজ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, দেশের ইমেজ নষ্ট করার জন্য এবং সরকারকে বিব্রত করার জন্য এটি করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব বলেন ডিবি প্রধান।
দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটা একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তাদের তিন-চারজনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ।
কয়টি দূতাবাসে হুমকি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তিন-চারটি দূতাবাস এবং আমাদের কয়েকটি সরকারি দপ্তরেও ই-মেইল দিয়েছে।
এটা কি হয়রানির উদ্দেশে করা হয়েছে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমার ধারণা এটা পূর্ব শত্রুতা বা দেশের ইমেজকে নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করা জন্য করা হতে পারে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। যে কোনো ঘটনা ঘটলেই সেটা আমরা গুরুত্বে সঙ্গে দেখি। আমরা আশাবাদী যে, এটা আমরা উদঘাটন করব। যারা আছেন, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181019