রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা : আটক ২

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা : আটক ২

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার (২৩ আগস্ট) ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে ওই দুই যুবককে আটক করা হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাদের বাড়িও ওই এলাকায় বলে জানা গেছে।

সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পর তারা ঘটনাস্থলের ভবনে বসে ইয়াবা সেবন করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান টের পেয়ে তাদের একজন পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগানে লুকিয়ে পড়েন। পরে সেখানকার পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায় এবং টাকা-পয়সা ও স্বর্ণালংকার রাখার স্থানগুলো ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ফলে ডাকাতির বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে। কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটির প্রকৃত কারণ জানতে বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180999