বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় সুসজ্জিত অশ্বারোহী দল তার গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এখন থেকে রাষ্ট্রীয় এই ভবনেই তিনি বসবাস করবেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
পরদিন শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180993