মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি মিষ্টি বিতরণ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তার নিজ জেলা ঠাকুরগাঁও। মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় নানামূখী উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। এর মধ্যে আজ শনিবার (২২ আগস্ট) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ উৎসব পালন করা হয়। এসময় জেলার সাংবাদিকগণ একে অপরকে মিষ্টি খাওয়ান। এর আগে ঘোষণার পর থেকেই জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন।

এসময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন। পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির একজন শীর্ষ নেতা নন, তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের পরিচিত মুখ। তার রাজনৈতিক জীবনের এই অর্জন জেলার মানুষের জন্যও গর্ব ও আনন্দের। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ নতুন করে সম্মানিত ও গর্ববোধ করছেন। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুু ও সফলতা কামনা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180960