গাইবান্ধার সাঘাটায় আইডি না থাকার অজুহাতে ১৮ বছরেও সংস্কার হয়নি সড়ক
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: রোড আইডি না থাকার অজুহাত দেখিয়ে গত ১৮ বছরে একবারও সংস্কার হয়নি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচ উঠে যাওয়ার পর এবার মূল সড়কের মাটিও ধসে গেছে।
এমনকি চিহ্নটুকুও হারিয়ে যেতে বসেছে সড়কটির। সড়কটি চলাচলের উপযোগী করতে আইডি সংশোধনের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে বার বার অবহিত দিলেও তাতে কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভাঙাব্রিজ-দুর্গাপুর সড়কটির বেশির ভাগ অংশেই পিচ উঠে দু’পাশ ভেঙে গেছে। সড়কের মূল স্থানে মাটি সরে এখন আকার হারিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কটি। পশ্চিমবাটি এলাকায় বাসিন্দারা জানান, ২০০৭ সালের পাঁকাকরণের পর সড়কটি একবারও সংস্কার হয়নি। ফলে যানবাহন, পথচারী চলাচল ও বাজারে কৃষি পণ্য আনা নেওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন এলাকার লোকজন।
এলাকাবাসীর অভিযোগ, আইডি সংস্কারের জন্য গত দুই বছরে দুইবার আবেদন করা হলেও তাতে কোন কাজ হয়নি। এলজিইডির লোকজনের অবহেলার কারণেই সড়কটির আজ এমন বেহাল দশা।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রকৌশলী নয়ন রায় জানান, যেকোনো একটি ভুলের কারণেই ওই সড়কের আইডি সংশোধন হয়নি। তবে আমরা প্রস্তাবনা পাঠিয়েছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180957