জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া ১৯টি ফোন ও ১ হাজার সিমসহ মাস্টার এজেন্ট গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরাসালিন মণ্ডল (২৭) নামের এক মাস্টার এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ব্যবহৃত ও অব্যবহৃত ১ হাজার সিম কার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
উপজেলার বড়াইল ইউনিয়নের বেড়ালোখোপ কোমরগাড়ী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (২২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান।
গ্রেফতারকৃত মোরাসালিন মণ্ডল ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা রাণীরপুকুর গ্রামের আব্দুল করিমের ছেলে। ডিবি পুলিশ জানায়, সরকার ঘোষিত মাদক ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেড়ালোখোপ কোমরগাড়ী গ্রামের ওই বাড়ি থেকে হাতেহাতে অনলাইনে জুয়া পরিচালনা ও খেলা অবস্থায় মোরাসালিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে জয়পুরহাটের ক্ষেতলাল থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180947